Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তরে তালিকাভুক্ত হকার ৮২৯, দেওয়া হলো বৈধতা

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ০০:৩৭ | আপডেট: ১ মে ২০২৬ ০০:৪৪

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তালিকাভুক্ত ৮২৯ জন হকারের মধ্যে ২০২ জনকে ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে। এছাড়া, বাকি হকারদেরও পর্যায়ক্রমে পরিচয়পত্র দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডিএনসিসির নগর ভবনে হকারদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

ডিজিটাল পরিচয়পত্র পাওয়া ২০২ জন হকারের মধ্যে ১০২ জনকে মিরপুর-১০ এলাকা থেকে মিরপুর-১৩ ওয়াসা রোডে এবং বাকি ১০০ জনকে গাবতলী কাজা বাজার সংলগ্ন ফাঁকা স্থানে স্থানান্তর করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, আমরা আগেই হকারদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছি। তারা নিজেরাও অবৈধভাবে ব্যবসা করতে চান না। সে অনুযায়ী পুলিশ প্রশাসনের সহযোগিতায় একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা ধরে পর্যায়ক্রমে হকারদের বিকল্পস্থানে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, স্থানান্তরের জন্য স্বল্প সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের পর পুরোনো স্থানে হকার পাওয়া গেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে হকারদের জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। যাতে তারা নির্বিঘ্নে বৈধভাবে ব্যবসা করতে পারেন।

প্রশাসক জানান, প্রাথমিকভাবে রাজধানীর ৬ মাঠে হকার পুনর্বাসনের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করে। তাই মাঠগুলো পুনর্বাসনের জন্য ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে হকারদের জন্য পৃথক ‘হকার্স মার্কেট’ গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএমপি ও ডিএনসিসির কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর