ঢাকা: রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার মোড়ের একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কদমতলি জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাসার চার তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য মরদেহ দিবাগত সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় কদমতলি থানা পুলিশ।
কদমতলির ওই বাসার বাড়িওয়ালা দানেশ হাওলাদার বলেন, ‘আমি নিজে দ্বিতীয় তলায় থাকি। নয় মাস আগে চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন। দু’দিন ধরে বিকট গন্ধ পাচ্ছিলাম। তবে গন্ধের কারণ খুজে পাচ্ছিলাম না। গতকাল দুপুরে চারতলায় উঠে ওই ফ্ল্যাট বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাই। তখন ফ্ল্যাট থেকে গন্ধ বের হচ্ছিল। এর পর ট্রিপল নাইনে ফোন দিই। পরে কদমতলি থানা পুলিশ এসে দরজা ভেঙে ওই নারীর গলিত মরদেহ পায়।’
তিনি আরও বলেন, ‘ওই দম্পতি মাঝে মাঝে এসে ওই বাসায় থাকতেন। তবে গত কয়েকদিন ধরে কাউকে দেখতে পাইনি। মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী বা কোন আত্মীয়-স্বজন আসেনি।’
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরে খবর পেয়ে ওই বাসায় যাই। দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে দেখা যায় ওই নারীর গলিত মরদেহ। মরদেহের পেটের নারীভুড়ি বের হওয়া। হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
তিনি আরও জানান, ওই বাসায় স্বামী-স্ত্রী থাকতেন। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছে। তাকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
ওই নারীর বাসা শ্যামপুর জুরাইন পুর্ব ধোলাইপাড় এলাকায়। তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান মুশাহিদুল।