Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে সরকারের প্রতি আহ্বান

ঢাবি করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৪

স্টুডেন্টস ফর সভরেন্টির সংবাদ সম্মেলন

ঢাকা: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার আহ্বান জানিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি। সংগঠনটির নেতারা দাবি করেছেন, বন্দর ইজারা দিলে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং নিউমুরিং টার্মিনালকে ‘স্বর্ণের ডিম পাড়া হাঁস’ হিসেবে উল্লেখ করে এটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। অতিরিক্ত লোভের কারণে গুরুত্বপূর্ণ সম্পদ হারানোর ঝুঁকির কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

জিয়াউল হক অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে প্রভাবশালী মহল বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার চেষ্টা করেছে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কস্ট-বেনিফিট বিশ্লেষণ জরুরি এবং দেশ কী দিচ্ছে ও কী পাচ্ছে—তা পরিষ্কার করা উচিত।

তিনি আরও বলেন, কনসেশন চুক্তি ও অপারেটর নিয়োগ এক নয়। কনসেশন চুক্তির মাধ্যমে বিদেশি নিয়ন্ত্রণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা পাচার ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জিয়াউল হক চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দাবি করেন, বিদেশি কিছু কোম্পানি বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না।

এ সময় তিনি দেশের অর্থনীতি শক্তিশালী করতে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো— বন্দর বিকেন্দ্রীকরণ, নিজস্ব শিপিং লাইন চালু, রেমিট্যান্স বৃদ্ধিতে ভাষাগত দক্ষতা কাজে লাগানো, নদী-খাল খনন এবং খাদ্য নিরাপত্তায় হিমাগার স্থাপন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দফতর সম্পাদক সাইফুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেক/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর