ঢাকা: আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত ত্রুটির কারণে তা ৪০ মিনিট দেরিতে শুরু হয়। পরে টানা বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলে। এরপর স্বল্প বিরতি দিয়ে শুরু হয় গণনা।
দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ২৯টি পদের বিপরীতে ৭৭ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন বেশ জমে উঠেছে। এখন সবার নজর ফলাফলের দিকে- কে আসছেন নতুন নেতৃত্বে, সেটিই দেখার অপেক্ষা।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ।
নির্বাচনে সভাপতি, ছয়টি সহ-সভাপতি, ১৯টি পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এগুলো হলো- আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নেয়। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও লড়াইয়ে আছেন, যা প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
সভাপতি পদে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান মো. আলী আফজাল ও জাগরণ প্যানেল থেকে সাবেক সভাপতি মোকাররম হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, রিহ্যাবে ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন হলেও ২০২৪ সালে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পুনরায় চালু হয়। সেই ধারাবাহিকতায় এবারও ভোটে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে।