Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ০০:০৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৪৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পোস্তগোলায় চলন্ত ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, পিংকি খাতুন তার স্বামী মো. রাজিব ও দুই সন্তানসহ নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। শুক্রবার তিনি দুই সন্তান নিয়ে গেন্ডারিয়ায় তার ভাই মো. জাহিদের বাসায় দাওয়াত খেতে এসেছিলেন। রাতে দাওয়াত শেষে ভাই নিজে তাকে ফতুল্লার উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত রিকশায় তুলে দেন। রিকশাটি পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত পিংকির পরনের ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায় এবং গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাহিদ জানান, দুর্ঘটনার সময় পিংকির সঙ্গে থাকা তার ছোট দুই সন্তান সুস্থ আছে। তবে ঘটনার সময় তার স্বামী সঙ্গে ছিলেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই