ঢাকা: রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই আকাশের বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুম বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে পড়তে শুরু করে শিলা।
কোনো আগাম প্রস্তুতি না থাকায় হুট করে আসা এই বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা বিপাকে পড়েন। বিশেষ করে যারা ঈদের কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলেন, তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন দোকানের বারান্দা বা ছাউনির নিচে ভিড় করেন।
বৃষ্টির কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হয় অনেকের। তবে প্রচণ্ড দাবদাহের মধ্যে সারাদিন রোজা রাখার পর এই বৃষ্টি জনজীবনে এক পশলা প্রশান্তি বয়ে এনেছে। তাপমাত্রা কিছুটা কমে আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।
এর আগে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছিল, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছে, এই আংশিক বৃষ্টিবলয়টির প্রভাবে দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, এই বৃষ্টিবলয়টি মূলত সিলেট ও ময়মনসিংহ বিভাগে বেশি প্রভাব ফেলবে এবং আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু এলাকায় এই কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রভাব বেশি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যান্য বিভাগে বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকলেও গোধূলি নামক এই বৃষ্টিবলয়ের প্রভাবে সারাদেশেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন আসবে।