ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি, বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যেও আমাদের কাজ করতে হবে।
বুধবার (১১ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও, উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান।