ঢাকা: নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা নির্বাচিত হয়েছেন। আর কমিটির দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী।
রোববার (১ মার্চ) বিকেলে রাজধানীর আঁগারগাওয়ের নির্বাচন ভবনে কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর চেয়ারম্যান সাংবাদিক কাজী হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য হারুণ আল রশীদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল পেয়েছেন ৫৩ ভোট। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পেয়েছেন ২৯ ভোট।
সহ-সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের সিনিয়র স্টাফ রিপোর্টার আনম মুহিবুব উজ জামান পেয়েছেন ৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. আরিফুল ইসলাম ৩২ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ১২ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এম লিংকন। তার প্রতিদ্বন্দ্বী এনটিভির সিনিয়র রিপোর্টার নিয়ামুল আযীয পেয়েছেন ৪০ ভোট।
অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আরটিএনএন’র সিনিয়র রিপোর্টার এস এম নাঈম। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার শাকিল আহমেদ পেয়েছেন ৩৫ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ৫৯, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল ৩৪, দেশ রুপান্তরের নিজস্ব প্রতিবেদক রিয়াজ হোসেন ১৯, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলাম ১৮ ভোট করে পেয়ে বিজয়ী হয়েছেন।
আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
আরএফইডি ২০২৪ সালে নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক পুরস্কারটি প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে প্রবর্তন করে। এ বছর অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা, টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখি টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ও পত্রিকা ক্যাটাগরিতে ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার আল আমিন আরএফইডি-এর প্রবর্তিত নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।