Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিসিবির পণ্য কিনতে গিয়ে ট্রাক থেকে ঝুলে পড়ে নারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাক থেকে পণ্য কিনতে গিয়ে ঝুলে পড়ে এক নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/সি রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য টিসিবির ট্রাক সেখানে অবস্থান নেয়। সকাল থেকেই ট্রাকের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় বেড়ে গেলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাকচালক স্থান পরিবর্তনের চেষ্টা করেন। ট্রাকটি ধীরে ধীরে চলতে শুরু করলে কয়েকজন ক্রেতা পণ্য সংগ্রহের আশায় গাড়িটির পেছনে দৌড়ান এবং কেউ কেউ ট্রাকের পেছনের অংশ ধরে ঝুলে পড়েন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় ওই নারী ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রাক থেকে সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রমজানকে সামনে রেখে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য টিসিবি সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি করে আসছে। তবে অতিরিক্ত ভিড় ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় প্রায়ই বিশৃঙ্খলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলাবদ্ধ লাইন ব্যবস্থাপনা এবং টোকেন পদ্ধতি চালুর প্রয়োজন রয়েছে।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর