Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে গুলি করে চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৫ ২১:৩৭

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাতিজার বন্দুকের গুলিতে আমেরিকান প্রবাসী চাচাকে হত্যার ঘটনার ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন রায়ের বিষয়টি নিশ্চত করেছেন।

আসামি গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে। নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন না।

বিজ্ঞাপন

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামি করে হত্যা মামলা করেন।এছাড়াও সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, হত্যা করার অপরাধে আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে রায় দিয়েছে আদালত।

সারাবাংলা/এসআর