বাগেরহাট: জেলার কচুয়া উপজেলায় প্রতিবেশীর বাড়িতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৪জন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বেদার মল্লিক উত্তর ভান্ডারখোলা গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে।
আহতরা হলেন- নিহত বেদার মল্লিকের স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) এবং পুত্রবধূ সুমি বেগম (২১)। এদের মধ্যে চিকিৎসাধীন কাইয়ুম মল্লিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার একটি হাঁস বেদার মল্লিকের বাড়িতে চলে যায়। এই হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে নিহত বেদার মল্লিকের সঙ্গে তার ভাই মৃত হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগম ও তার পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে বেদার মল্লিকসহ তার পরিবারের চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে। আটকরা হলেন- নিহতের ভাইঝি ফাতেমা বেগম (৪৫), ফাতেমার দুই ছেলে রমজান (২৩) ও আব্দুল্লাহ (১৫) এবং রমজানের স্ত্রী লামিয়া (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল মামুন জানান, একটি হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।