কুমিল্লা: জেলার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে কারামুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাইকোর্টের জামিনের আদেশের পর সব আনুষ্ঠানিকতা শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
এর আগে গত রোববার হাফিজুর রহমানের জামিন আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে থাকা অবস্থায় হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে তদন্তকারী সংস্থা।
কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাফিজুর রহমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।