Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধে লিগ্যাল নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৪:০৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৪

প্যারাসেলিং। ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজার সমুদ্র সৈকতে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধসহ জড়িত অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পর্যটন অ্যাডভেঞ্চারের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশিকা প্রণয়নের আহ্বানও জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনাকে পর্যটক নিরাপত্তার জন্য বড়ো ধরনের হুমকি হিসেবে বর্ণনা করে বলা হয়, যথাযথ নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং মানসম্মত যন্ত্রপাতি ছাড়া পরিচালিত এসব অবৈধ কার্যক্রমের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। অননুমোদিতভাবে এমন ঝুঁকিপূর্ণ সেবা চালু থাকা সরাসরি প্রশাসনিক তদারকির ব্যর্থতাকেই নির্দেশ করে।

বিজ্ঞাপন

এ ছাড়া আইনজীবী নিশাত ফারজানা এতে বেশ কিছু দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—কক্সবাজারের সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন, দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর