যশোর: যশোরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও সাবেক কাউন্সিলর হাজী সুমনসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার ৯ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) কোতোয়ালি থানার এসআই ফজলুল হক এ মামলা করেন।
গ্রেফতাররা হলেন, শেখ তানভীর ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমন, ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, রাকিবুল রহমান ওরফে বড় বাবু, আল আমিন ও সম্রাট হোসেন। একই রাতে অপর একটি মামলায় বর্তমান ইউপি সদস্য মঈনুর রহমান এবং সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও আকরাম হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক কাউন্সিলার হাজি সুমন, যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুর বাবু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফন্টু চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান লাইফ, দলেননগরের হবিবর রহমান, উপশহরের সাবেক চেয়ারম্যান এহসানুল হক লিটু, উপশহরের মুনসুর আলী, চিমা, নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে যশোর সদর উপজেলার রাজারহাট পিকনিক কর্নারের কাছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সরকার বিরোধী মিছিল এবং নাশকতার উদ্দেশ্যে অবস্থান নেন।
পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে সবাই পালিয়ে যায়। পরে খোঁজখবর নিয়ে এসআই ফজলুল হক বাদী হয়ে ১৩৩ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।