Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৪:৩৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৮:১৭

প্রতীকী ছবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সুমন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই সন্তান রয়েছে। স্থানীয়দের ভাষ্য, তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে রাত প্রায় ৪টার দিকে বাড়ি ফেরেন সুমন। এ সময় দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জানান, রাত ৪টার দিকে খেলা দেখে বাড়ি ফেরার পর তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন, ‘এখন তোমার আসার সময় হলো?’ এরপর সুমন আবার বাড়ি থেকে বেরিয়ে যান। এদিকে তিনি মোবাইলফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন। পরে ভোরে ঘুম ভেঙে স্বামীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘সুমন হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর