Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে পোশাককর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১৮:০৫

মরদেহ। প্রতীকী ছবি।

নেত্রকোনা: নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মুহিত খান ওরফে রিফাত (২৩) নামে এক যুবক পোশাককর্মী মারা গেছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পৌর শহরের রাজুর বাজার কাঁচাবাজারে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিশ্চিত করেছেন।

নিহত রিফাত জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

রিফাতের মামা লিলু মোড়ল জানান, ‘রিফাত রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করতো। ছুটি নিয়ে ঢাকা থেকে আন্তঃনগর ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটেছে। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত; এমনটি হবে কেউ ভাবেনি।’

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম খান বলেন, ‘রিফাত কীভাবে ট্রেনের নিচে পড়েছে কেউ বলতে পারছে না। সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। হয়তো ভিড় এড়াতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে যায়।’

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘নেত্রকোনা থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছিল। কোনো আপত্তি না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর