Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় কনস্টেবলের গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৫:১৮ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৬:১৩

ভাইরাল হওয়া ভিডিও থেকে একটি স্থিরচিত্র।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কনস্টেবলের বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত দু’টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কনস্টেবল আব্বাস আলী টাকা গুনছেন। এ সময় একজন নারী টাকা গুনে একটি চৌকির ওপর রাখছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর রেলগেট এলাকার হোমিও চিকিৎসক আনিসুর রহমানের বাড়িতে ধারণ করা।

এ ছাড়া ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, আব্বাস আলী একটি বাড়ির শয়নকক্ষে সোফায় বসে টাকা গুনছেন। তার সামনে একজন নারী ও একজন পুরুষ বসে আছেন।

বিজ্ঞাপন

এই ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বাড়িটি কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা রওশন আলীর। তার ছেলে ইমন একটি মাদক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে কনস্টেবল আব্বাস আলীর ব্যক্তিগত ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন। কী উদ্দেশ্যে এবং কেন কার কাছ থেকে এসব টাকা গ্রহণ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু যাচাই-বাছাইয়ের পর সে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভিডিও দু’টি ভাইরাল হওয়ার পর এ নিয়ে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন তদন্তের ফলাফলের দিকেই নজর সংশ্লিষ্টদের। তবে ভিডিও দু’টি কবে ধারণ করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর