ফরিদপুর: প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল যাওয়া উপলক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গার গোলচত্বরে তাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নামে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

গোল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর গোল চত্বরে পৌঁছালে, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
এর আগে প্রধানমন্ত্রীর সফর পথে ভাঙ্গা বাসস্ট্যান্ডে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এএকে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জাম সেলিম প্রমুখ।

ফরিদপুরের বিভাগের দাবি বাস্তবায়ন ও জেলা উন্নয়নের দাবি তুলে নানা স্লোগান দেয় নেতাকর্মীরা।