Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরাতন থানা ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৯:৫৬

বিস্ফোরিত ককটেল।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুরাতন থানা ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় উপজেলার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসানের ডান পায়ে জখম হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি ছিল, সে বিষয়ে সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘আমি যোগদানের আগে থেকে পুরাতন ভবন ভাঙার কাজ চলছে। রোববার কাজ করার সময় হঠাৎ একটি আওয়াজ হয়। পরে জানতে পারি ককটেল জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণ হয়ে দুই শ্রমিক আহত হয়েছে। হয়ত পূর্বে ওই স্থানে বিস্ফোরক মাটির নিচে চাপা পড়েছিল।’