কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় বাড়ির উঠানে জমে থাকা বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম নামে ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মুশফিকুর ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিনের একমাত্র সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যরা যখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন, তখন সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে চলে যায় শিশু মুশফিক। সেখানে আগে থেকেই বন্যার পানি জমেছিল। কিছুক্ষণ পর তাকে ঘরে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উঠানের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা।
পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা ইব্রাহিম জানান, মুশফিক তাদের যৌথ পরিবারের সবার অত্যন্ত আদরের ছিল। তার এই অকাল মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।