পঞ্চগড়: জেলার সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গুল মোহাম্মদ আলী সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান বৃদ্ধ গুল মোহাম্মদ আলী। পরে নদী পারের কয়েকজনের চিৎকার শুনে স্থানীয়দের অনেকে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে তাকে উদ্ধারে অভিযান চালান। এসময় স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ জন তাদের সাথে উদ্ধারকাজে অংশ নেন। দুই ঘণ্টা চেষ্টার পর নদী থেকে গুল মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গত পরশু এক যুবক নিখোঁজ হওয়ার পর গতকাল তার মরদেহ পাওয়া যায়। আজ আবার একজন নদীতে ডুবে মারা গেলেন। নদীতে নামার ক্ষেত্রে ও পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি।’
পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করে। নদীর ওই স্থানে পানির প্রবল স্রোত থাকায় তিনি সম্ভবত নিজেকে সামলাতে পারেননি। পরে পানিতে তলিয়ে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।