যশোর: উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সদস্য তাহসীন ইসলাম (১৯)-কে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদরের কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে। আটকের সময় তার ঘর তল্লাশি করে চাপাতি, তারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, আটক তাহসীনের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। পাশাপাশি আলোচিত ফাতাহ কমব্যাট সিস্টেমের সক্রিয় সদস্য তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম বলেন, ‘মূলত ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে তাহসীন ইসলামের নামে মামলা থাকায় আজ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে যার তিন নম্বর আসামি তিনি। আটকের সময় চাপাতি, তারসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। আটকের সময় তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্য। জিজ্ঞাসায় তিনি জানান, তাদের সংগঠনে যশোরের কেউ নেই। এমনকি পুলিশের দাবি সংগঠনটির কার্যক্রম যশোরে নেই।’ আটক তাহসীনকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।
প্রসঙ্গত, শাহ আমানত সাবির কর্তৃক প্রতিষ্ঠিত ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস) নামের একটি সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট শেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ৬ যুবককে আটক করেছে পুলিশ।
আটকের পর পুলিশ জানায়, এদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত, সংশ্লিষ্টতা রয়েছে আফগানিস্তান ফেরত উগ্রপন্থিদের। এরা সম্মিলিতভাবে বসিলা’তে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের আড়ালে চালাচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জন্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া। পাশাপাশি এই চক্রটি টিটিপির আদলে, তেহরিকে তালিবান বাংলাদেশ (টিটিবি) গঠন করতে চেষ্টা চালাচ্ছে।