Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে পাহাড়ধসে শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ০৯:৩১ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১০:২৪

পাহাড়ধসে মারা যাওয়া একই পরিবারের তিনজন।

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসের পৃথক দুটি ঘটনায় চার বছরের শিশুসহ দুই পরিবারের মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণের কারণে এ দুটি দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈন উদ্দিন।

নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন হলেন- মো. ইউনুছ, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের ছেলে মো. সোলেমান (৪)।

পাহাড়ধসের অপর ঘটনায় নিহত আরেকটি পরিবারের সদস্যরা হলেন- মো. জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার।

ইউএনও মাঈন উদ্দিন বলেন, ‘একই এলাকায় পৃথক দুইটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক ভোর চারটার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। এ সময় মো. ইউনুছ তার স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাহাড়ধসে তার ঘরটি মাটির নিচে চাপা পড়লে পরিবারের তিনজন সদস্যই মারা যান।

একই ইউনিয়নের মিশনপাড়া এলাকায় প্রায় ভোর ৬টার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে মো. জুয়েল তার স্ত্রীসহ নিহত হন।

দুই ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার করেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টানা বৃষ্টি অব্যাহত থাকায় বান্দরবানের লামাসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। পাশাপাশি নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া, জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর