পঞ্চগড়: ‘এই দরজা লাগাও’ বলেই দরজা বন্ধ করে পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। পঞ্চগড়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাসা শাখায় প্রায় এক ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ব্যাংকের ওই শাখায় এই লাঞ্ছিতের ঘটনা ঘটে।
জানা গেছে, এক অসহায় কিডনি রোগীর চেকের টাকা পেতে বিলম্ব হওয়ার কারণ জানতে ওই ব্যাংকে গিয়েছিলেন সাংবাদিক সাজ্জাদুর রহমান। ম্যানেজার জ্যোতির্ময় রায়ের ভিডিও বক্তব্য নেওয়ার সময় আকস্মিক সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন ওই কক্ষে প্রবেশ করে সাংবাদিক সাজ্জাদকে গালাগালি শুরু করেন। এই পর্যায়ে তার দরজা বন্ধ করে প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে করে রাখেন। পরে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ-নুর-ই-আলম ও কয়েকজন ইউপি সদস্য ব্যংকে গিয়ে তাকে উদ্ধার করেন।
সেকেন্ড ম্যানেজার ফরিদুলের বিরুদ্ধে গ্রাহকদের সাথে অশোভন আচরণের অভিযোগ দীর্ঘদিনের।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক সাজ্জাদ নিজেও কিডনি রোগী। হাড়িভাসা ইউনিয়নের হাজেরা খাতুন নামে এক কিডনি রোগীর একটি সংস্থার অনুদানের চেক ব্যাংকে জমা দেওয়ার ১০ দিনেও টাকা না পাওয়ার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে অসুস্থ শরীরেই হাড়িভাসা কৃষি উন্নয়ন ব্যাংকে যান সাংবাদিক সাজ্জাদ। এরপরই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দাবি করেছেন।
সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, অসহায় এক কিডনি রোগীর অনুদানের চেক জমা দেওয়ার ১০ দিনেও টাকা না দেওয়ার বিষয়টি নিয়ে ম্যানেজারের বক্তব্য চাইলে তিনি ভিডিও বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ সেকেন্ড ম্যানেজার ফরিদুল ইসলাম সুজন এসে আমাকে গালাগালি ও হুমকি ধামকি দিতে থাকে। এমনকি দরজা বন্ধ রেখে আমাকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এসে আমাকে উদ্ধার করেন। তাদের আচরণে আমি বিস্মিত হয়েছি। তারা সন্ত্রাসের মতো আচরণ করছিল।
এ ঘটনায় ওই ব্যংকের ম্যানেজার জ্যোতির্ময় রায় ও সেকেন্ড ম্যানেজার ফরিদুল ইসলাম সুজনের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেন নি।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, একটি ঐতিহ্যবাহী ব্যাংকের ভেতরে গণমাধ্যম কর্মীকে অবরুদ্ধ করে রাখা ও লাঞ্ছিত করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নূর- ই আলম বলেন, ব্যাংকের ভেতরে সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে আমি ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাঠাই। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজোর শেখ মুক্তারুজ্জামান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।