Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ২২:০২ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ২২:০৩

আটক নারী ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ১১ জন হলেন— সুফিয়া খাতুন (৪০), খোদেনা আক্তার দিলারা (৩৫), হামিদা আক্তার মিনা (২৪), পারভীন (৩০), আনোয়ারা আক্তার বৃষ্টি, রোজিনা আক্তার সায়দা (৩০), শাহানা আক্তার বিউটি (৩৫), শেফা আক্তার (২১), জুয়ানা আক্তার তামান্না (৩০), রুবা আক্তার ঝুমা (২০) এবং সুবিনা আক্তার লাকী (২০)। তাদের অধিকাংশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানার একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পাঁচলিয়া বাজার ওভারব্রিজের পূর্ব পাশে আব্দুস সাত্তার সরকারের বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই বাসায় আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। তথ্যের সত্যতা যাচাই করে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও ১১ নারীকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে চলাচল করে এবং সুযোগ বুঝে বাস, হাট-বাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এসব তথ্যের অধিকতর সত্যতা যাচাই এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। এছাড়া আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে অন্য কোনো জেলার মামলা বা অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘সলঙ্গা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর