রাজশাহী: সারাবাংলায় সংবাদ প্রকাশের পর রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদফতরের সেই উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুব উন্নয়ন অধিদফতর।
সোমবার (৬ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশাসন) এম এ আখের।
অভিযোগের বিষয়টি নজরে এসেছে জানিয়ে তিনি সারাবাংলাকে বলেন, ‘মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি গণমাধ্যমের মারফতে আমাদের কাছে পৌঁছেছে। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।’
অধিদফতরের পরিচালক (সিড ফাইন্যান্সিং) মফিজুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি এ বিষয়ে তদন্ত করবেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২ জুলাই রাতে ‘অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা!’ শিরোনামে সারাবাংলায় সংবাদ প্রকাশ হয়। এর পর পরই বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে সমালোচনা চলতে থাকে। কিন্তু ৩ ও ৪ জুলাই সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি থাকায় এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। পরে দু’দিন যোগাযোগ করে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের খবর পায় সারাবাংলার এই প্রতিনিধি।