বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাগেরহাটের মোংলা গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, রোববার (৫ জুলাই) সকাল ৯টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন কবীর জানান, বন্দরে মোট ৮টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ২টি গ্যাস,১টি ক্লিংকার,১টি চাল,১টি স্লাগ,২টি সার,১টি কয়লাবাহী জাহাজ।
টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিক্ষুব্ধ রয়েছে বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।