নোয়াখালী: বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘোষণা দেওয়া হয়েছে। যার ফলে হাতিয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার সকাল থেকে যাত্রীদের নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা গেছে। তবে নদী উত্তাল থাকায় এ ঘাট থেকে সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার কোনোটিই ছেড়ে যায়নি।
ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।