Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৬:৩৬

পেকুয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘদিনের ভবন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উজানটিয়া জুনিয়র হাইস্কুলে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা, মগনামা উচ্চবিদ্যালয়ের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উজানটিয়ার বাসিন্দা ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী জানান, উজানটিয়া জুনিয়র হাইস্কুলে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক ভবনের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি আশা করছেন।

শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট আমাদের অন্যতম বড় সমস্যা ছিল। ৩ কোটি টাকার এ বরাদ্দ বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ এবং তার সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

পেকুয়া কিংস্টোন স্কুলের পরিচালক মো. নুরুল আমিন বলেন, ‘শিক্ষা খাতে বিনিয়োগ একটি এলাকার টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পেকুয়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বরাদ্দ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। প্রকল্পগুলো দ্রুত ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হলে হাজারো শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর