রংপুর: গঙ্গাচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নির্মল চন্দ্র (৬০) ও তার ছেলে প্রশান্ত চন্দ্র (৪০) নিহত হয়েছেন। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ বছর বয়সী নাতি বন্ধন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গঙ্গাচড়া উপজেলার মন্থনা বাজার জুট মিলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বন্ধনকে নিয়ে মোটরসাইকেলযোগে বেতগাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন নির্মল চন্দ্র ও প্রশান্ত চন্দ্র। পথে মন্থনা বাজার জুট মিলের সামনে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।
গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটিকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে বলে জানান তিনি।
এদিকে আহত বন্ধন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তার জ্ঞান ফেরেনি।
এ ঘটনায় চেংমারি গ্রামজুড়ে শোকের মাতম বইছে। স্বজনহারাদের আর্তনাদে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নিহতদের বাড়িতে শতশত মানুষ সমবেত হয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু জানান, নির্মল চন্দ্র ও প্রশান্ত চন্দ্র এলাকার পরিচিত ও সেবাপরায়ণ মানুষ ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।