Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ২০:০৫

আটক হওয়া তরুণ ও তরুনী।

কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক নারী পরীক্ষার্থী ও তার সহযোগী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে কসবা উপজেলা সদরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় ঘটনাটি ধরা পড়ে।

আটককৃতরা হলেন কসবা মহিলা কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামুল হক (১৯)।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, তাসফিয়া রহমান তার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রবেশপত্র যাচাইয়ের সময় তাতে উল্লিখিত কোড নম্বর ও পরীক্ষার বিষয়ের সঙ্গে অসঙ্গতি দেখতে পান। পরে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রবেশপত্রটি ভুয়া বলে নিশ্চিত হন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ জানান, প্রবেশপত্রে কোড নম্বর ও পরীক্ষার বিষয় না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে এটি ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়।

এরপর আটক দু’জনকে কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয়ে রাখা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, ‘ভুয়া প্রবেশপত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’