টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাড়ির আঙিনায় রোপণ করা ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেফতারকৃত আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করছে আল আমিন, এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১টি গাঁজা গাছ উদ্ধার এবং আল-আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।’
এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।