সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১ হাজার ৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এ বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।
সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
র্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১ হাজার ৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’