নরসিংদী: নরসিংদীর মাধবদীতে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ জুন) এ ঘটনা জানাজানির পর পলাতক রয়েছেন আওলাদ হোসেন।
এর আগে, সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।
এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। তাকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে নিয়ে গ্রামের বাক-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করা হয়। প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনাটি তার মাকে খুলে বললে মঙ্গলবার ঘটনাটি জানাজানি হয়।
পরে মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসীসহ মাধবদী থানায় গিয়ে পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। বুধবার নির্যাতনের শিকার ওই কিশোরী ও তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সস্পন্ন করাসহ আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’