সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা রহিমপুরে একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘের থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ৮টার দিকে সঞ্জিব সরকার বাড়ি থেকে বের হন। অনেকক্ষণ হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন কিন্তু তার সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে গভীর রাতে স্থানীয়রা সঞ্জিবকে তার নিজের মাছের ঘেরে মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের পরিবারকে খবর দেন।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, দুর্বৃত্তরা অন্য কোথাও নিয়ে গিয়ে সঞ্জিবকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে তার মরদেহ নিজের মাছের ঘেরের সামনে ফেলে রেখে গিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রহস্যজনক এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পুরো এলাকায় শোকের ছায়ার পাশাপাশি আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।