নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের পাশের উত্তরপাড়া রেললাইনে চলন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার একটি পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
বিষয়টি নিশ্চিত করেন ডোমার থানার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জাহিদুল হক।
আহত শিশুটির নাম রিফাত ইসলাম। সে সৈয়দপুরের তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শামীম ইসলাম, পেশায় একজন রিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার কিছুক্ষণ পর রেললাইন থেকে “বাঁচাও, বাঁচাও” চিৎকার শুনতে পান স্থানীয়রা। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, এক শিশু রেললাইনের ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে কাতরাচ্ছে। পরে তারা ডোমার ফায়ার সার্ভিসে খবর দেন।
আহত রিফাত জানায়, সে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ কেউ তাকে ধাক্কা দিলে সে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায়। এতে তার একটি পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয় বাসিন্দা মজিদুল ইসলাম বলেন, ‘চিৎকার শুনে আমরা কয়েকজন দ্রুত সেখানে ছুটে যাই। গিয়ে দেখি একটি ছোট ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই।’
স্টেশন অফিসার জাহিদুল হক বলেন, ‘আমাদের সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’