Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড, আটক মসজিদের মুয়াজ্জিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:১৫

আটক হওয়া ব্যক্তি।

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজুয়ান সিদ্দিকী এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে আটক মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। তিনি নিহত নাজমা আলম নাজুর একই বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি পরিকল্পিতভাবে নাজমা আলম নাজুর ঘরে প্রবেশ করেন।

পুলিশের ভাষ্যমতে, সোনা-গয়না লুটের উদ্দেশ্যে তিনি নাজমা আলম নাজুর ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নাজমা আলম নাজুকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তদন্তে সংগৃহীত বিভিন্ন আলামত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোশারফ হোসেনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়ি থেকে নাজমা আলম নাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর