Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২০:৪৪

ওই শিশুটি, যার মরদেহ উদ্ধার হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে আট বছর বয়সি এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু শাহাদাত হোসেন (৮) সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে। সে হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষ্যে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াসিন (১৮) নিহত শিশুর বোন রওশন আরাকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকেই ইয়াসিন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর স্থানীয়রা মেলার ওই দোলনার মালিকসহ কয়েকজন কর্মচারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এরা হলেন—শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মদনতালুকদার কান্দি গ্রামের মৃত আয়েত আলী ব্যাপারির ছেলে দেলোয়ার ব্যাপারি, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সাহেব মোল্লার ছেলে তামিম মোল্লা, ঝিনাইদহ সদর উপজেলার নারানপুর গ্রামের মো. আশরাফুলের ছেলে রিয়াজ ও হাটগোপালপুর এলাকার লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ এবং খোদাবাকরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম।

খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ও সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মামুন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর