Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমাইয়ে যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৯:১৮

মরদেহ। প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলায় মোবাইলফোনে ডেকে নিয়ে বাহার (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত বাহার দত্তপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী রাসেলের স্ত্রী ঝুমু মোবাইলফোনে বাহারকে একটি নির্দিষ্ট স্থানে যেতে বলেন। পরে সেখানে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। কিছু সময় পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাহারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব সহকারে তদন্ত চলছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’