লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সি এক মাদরাসাছাত্র গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৭ জুন সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। নিখোঁজ শরীফ স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।
এ নিখোঁজের ঘটনায় শরীফের মা মোফাশেরা বেগম কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ছেলের খোঁজে অনবরত কান্নায় ভেঙে পড়ছেন মা ও স্বজনেরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ভোরে ফজরের নামাজ পড়তে ওঠে শরীফ। পরে তার মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে বিস্কুট কিনে এনে খায়। এরপর সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঘটনার পর থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকাসহ সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে শরীফের মা মোফাশেরা বেগম বলেন, ‘আমার ছেলেটা ১০ দিন ধরে নিখোঁজ। কোথাও তার খোঁজ পাচ্ছি না। ওর শোকে আমরা পাগলপ্রায়। কেউ যদি আমার ছেলের সন্ধান পান, দয়া করে পুলিশ বা আমাদের জানাবেন।’
নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ‘১০ দিন ধরে শ্যালককে কোথাও খুঁজে পাচ্ছি না। ওর জন্য আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছেন। কেউ কোথাও তাকে দেখলে দয়া করে কমলনগর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ জানান, ‘মাদরাসাছাত্র শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। পুলিশ তাকে খুঁজে বের করতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও যদি কোনো সহৃদয় ব্যক্তি এই শিশুর সন্ধান পেয়ে থাকেন, তবে তাৎক্ষণিকভাবে কমলনগর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।’