Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক রাজা ইলিশের দাম ১১৬০০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২২:৪২

এই রাজা ইলিশটি নিলামে ১১৬০০ টাকায় বিক্রি হয়। ছবি: সংগৃহীত

ভোলা: জেলার দৌলতখান উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি রাজা ইলিশ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ১১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট আড়তে মাছটি বিক্রি করা হয়। এ সময় সর্বোচ্চ দামে মাছটি কেনেন স্থানীয় আলম ব্যাপারী নামে এক মৎস্যব্যবসায়ী।

জানা গেছে, এদিন ভোরে স্থানীয় রহমান মাঝি ৭-৮ জনকে নিয়ে দৌলতখান উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ইলিশ ধরতে জাল ফেলেন। ঘণ্টাখানেক পর তার জাল টেনে ট্রলারে তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও ধরা পড়ে। পরে তারা মাছটি স্থানীয় আড়তে বিক্রির জন্য আনেন। এক পর্যায়ে আড়তদার মাছটি বিক্রির জন্য নিলাম ডাকেন। সেই নিলাম থেকেই সর্বোচ্চ দামে মৎস্য ব্যবসায়ী আলম মাছটি কিনে নেন।’

বিজ্ঞাপন

মাছটির ক্রেতা মো.আলম বলেন, ‘সচরাচর নদীতে এত বড় ইলিশের দেখা মেলে না। কৌতুহলবশত ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ১১ হাজার ৬০০ টাকা আমি কিনেছি। এটি বিক্রি জন্য ঢাকা পাঠাব। আশা করছি সর্বনিম্ন ১৪ থেকে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারব।’

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘মেঘনা নদীতে গত মার্চ-এপ্রিল দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল পাচ্ছেন জেলেরা। জেলেরা মেঘনা-তেতুলিয়া নদীতে জাল ফেলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাচ্ছেন। এর পরিমাণ আগামীতে আরও বাড়বে।’

সারাবাংলা/পিটিএম