Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রাম ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ জুন ২০২৬ ১৭:৩৩ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৭:৩৫

নাটোর সদর জেনারেল হাসপাতাল

নাটোর: জেলার সিংড়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক শাহাদত হোসেন (২৪) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের বন্দর আমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকার মৃত একদেল এর ছেলে। আহত চালক শাহাদাত হোসেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের জনৈক আব্দুল হান্নানের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আজ ভোরে সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের বন্দর আমতলা নামক স্থানে বালু বোঝাই একটি ড্রাম ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোরগামী প্রাণ অ্যাগ্রো লিমিটেড-এর পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কাভার্ড ভ্যানে থাকা প্রাণ অ্যাগ্রো লিমিটেড-এর কর্মচারী আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান। এই সময় কাভার্ড ভ্যানের কেবিনের ভেতরেই আটকা পড়ে আহত হন চালক শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কেবিন থেকে চালককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবং হাইওয়ে পুলিশের একটি দল দুর্ঘটনা কবলিত ট্রাক-কাভার্ড ভ্যানকে জব্দ করে থানায় নিয়ে আসে।

ওসি জাকির হোসেন আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।