হিলি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা মূল্যের বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দফতরের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট (২০ বিজিবি), ফুলবাড়ী (২৯ বিজিবি) ও দিনাজপুর (৪২ বিজিবি) ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়েছিল। ধ্বংসকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রায় ২২ হাজার বোতল ফেনসিডিল ও অন্যান্য সিরাপ, ২০ হাজার পিস ইয়াবা, ৪৫ হাজার পিস ট্যাপেন্টাডল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৯৭ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন, বিপুল পরিমাণ মাদক তৈরির ট্যাবলেট, কোকেন ও হেরোইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম. নাছের নিজ হাতে মাদক ধ্বংস করে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বক্তারা বলেন, মাদক তরুণ সমাজ ও জাতির ভবিষ্যৎ ধ্বংসকারী এক নীরব ঘাতক। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি ভবিষ্যতেও এমন কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রাখবে।
উক্ত অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিরা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সেক্টর সদর দফতর এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কর্মকর্তা ও সকল স্তরের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।