নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সড়ক সংস্কারকাজ চলাকালীন রাস্তার বড় বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি প্রাইভেট যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল অরোহী ওই ব্যক্তি। ওই সাবেক সেনা সদস্য ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে; তার নাম এ. কে. এম. জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৮)।
এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-ডোমার মহাসড়কে সংস্কারকাজ চললেও বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কারকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ‘মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেওয়া হবে।’