চাঁপাইনবাবগঞ্জ: জেলার কানসাটে পাগলা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো নারী-পুরুষ পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় এ স্নান উৎসবে অংশ নেন।
দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গাদেবীর পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ, কীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই গঙ্গাস্নানকে কেন্দ্র করে কানসাটের গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম ঘটে।
স্নানের পাশাপাশি পুণ্যার্থীরা গঙ্গাদেবীর কাছে প্রার্থনা ও পূজা অর্চনা করেন। উৎসবকে ঘিরে নদী তীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় প্রসাধনী সামগ্রী, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি বিভিন্ন পণ্য, ধর্মীয় উপকরণ এবং নানা ধরনের খাবারের দোকান স্থান পেয়েছে।
পাশাপাশি কীর্তনের আসর উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা। কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি রবী চন্দ্র পাল জানান, পূর্ব পুরুষদের আমল থেকে এ স্থানে গঙ্গাস্নান ও মেলার আয়োজন হয়ে আসছে।
ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিবছর দূর-দূরান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হয়ে গঙ্গাস্নানে অংশ নেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ‘গঙ্গাস্নান উৎসব ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎসবস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’