খুলনা: খুলনায় পারভীন আক্তার (৫৮) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে মহানগরীর খালিশপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর পদ্মা রোড এলাকার ডাক্তার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারভীন আক্তার ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে বাসা থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যেতে পারে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে যে-কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. জাবীদ হাসান জানান, নিহত নারী রাতে বাসায় একাই ছিলেন। তার নাক-মুখ দিয়ে রক্তের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।