ঢাকা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর আঁধারমানিক সীমান্ত থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম বলেন, ‘আজ মঙ্গলবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তির নাম পুটন মোল্ল (১৯)। তার পিতার নাম বাদল মোল্ল। তিনি ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূজপুর থানায় তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা দৃঢ়, সতর্ক ও তৎপর রয়েছে।’