Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি সদস্য সেজে প্রতারণার চেষ্টা, পুলিশের হাতে যুবক আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ০০:২০

আটক যুবক রাসেল।

সিরাজগঞ্জ: ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মামলা থেকে রক্ষা করার আশ্বাসে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে। অভিযোগ রয়েছে, রোববার সকালে রাসেল নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং ওই মামলা থেকে রক্ষা করে দেওয়ার ব্যবস্থা করা যাবে।

বিজ্ঞাপন

এ সুযোগে তিনি পরিবারের সদস্যদের কাছে ১ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। রাসেলের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পরিবারের সদস্যরা তার পরিচয় সম্পর্কে জানতে চান। একপর্যায়ে স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সলঙ্গা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে গিয়ে রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন জানান, ওই যুবক নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছিলেন। তার আচরণে সন্দেহ হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জানান, আটক রাসেলের বিরুদ্ধে এর আগে কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর