Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ২২:০২ | আপডেট: ১৮ জুন ২০২৬ ২২:০৬

ট্রেনে কাটা পড়ে দু’জন নিহতের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের কলোনীপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুল কাদের ও নিহত দুই যুবক একটি মোটরসাইকেলে চেপে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’