চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে বসতভিটার জন্য মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে মো. সায়েম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কিনে সেখানে বসতভিটা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। ভিটা ভরাটের জন্য সে ঘরের পাশের একটি টিলা থেকে কয়েকদিন ধরে মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে।
এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা মাটির নিচে চাপা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’